ঈদ উল আযহার তিন দিন পরেও নেছারাবাদের ইন্দ্রেরহাট ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যানদীর তীর সংরক্ষণ বাঁধে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ও বিনোদনপ্রেমীদের সমাগম ঘটছে। ঈদ আনন্দের পূর্নতার খোঁজে প্রকৃতির ছোঁয়া ও অপরূপ সন্ধ্যার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন সন্ধ্যারপাড়ে। পুর্ব সোহাগদল গ্রামের মো. শহিদুল ইসলাম বলেন আমরা প্রমত্তা সন্ধ্যার আগ্রাসন দেখেছি, দেখেছি নদী ভাংগন।
দ.কৌরিখাড়া ও পুর্ব সোহাগদলের ভাঙ্গনকবলিত সে জায়গা এখন বিনোদনকেন্দ্রে পরিনত হয়েছে। সম্প্রতি পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সন্ধ্যানদীর তীর রক্ষাবাঁধ নির্মান করায় এটি পরিনত হয়েছে বিনোদনের স্পট হিসেবে। এ উপজেলায় তেমন কোন বিনোদন স্পট বা শিশুপার্ক গড়ে না উঠায় ঈদের আনন্দ উপভোগ করতে দুরদুরান্ত থেকে হাজারো মানুষ আসছেন এখানে আনন্দময় সময় কাটাতে।
সরেজমিন ঘুরে দেখাগেছে সন্ধ্যারপাড়ে দর্শনার্থী ও ভ্রমনপিপাসুদের উপছেপড়া ভিড়। তরুনরা মেতে উঠেছেন গান আর আড্ডায়। পরিবার পরিজন নিয়ে আসা মানুষগুলো মেতেছেন সেলফি আর ভিডিও ধারণের উল্লাসে। অনেকে আবার সন্ধ্যানদীতে ট্রলার নিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ও সীমা দম্পতি বলেন, এ উপজেলায় তেমন কোন বিনোদন স্পট, বা শিশুপার্ক না থাকায় এখানে ঘুরতে এসেছি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (অব:) এস এম মুজিবর রহমান জানান গ্রামের বাড়িতে আসলে অপরূপ সন্ধ্যার মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে প্রতিদিন এখানে আসেন।
তাছাড়া এখানকার পরিবেশও ভাল। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় শিশু - কিশোরদের বিনোদনের জন্য এখানে একটি শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মান করা যেতে পারে। উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন,ইন্দ্রেরহাট ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যানদীর তীর সংরক্ষণ বাঁধে অসংখ্য মানুষ ভ্রমনে আসছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।