ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে ট্রাক চাপায় যুবক নিহত
বলরাম দাশ অনুপম,কক্সবাজার
প্রকাশ: Friday, 22 May, 2026, 7:31 PM

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে ট্রাক চাপায় যুবক নিহত

ইয়াবার চালান নিয়ে পালাতে গিয়ে ট্রাক চাপায় যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ইয়াবার চালান নিয়ে পালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মনু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। 

দুর্ঘটনার পর মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার ইয়াবা। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় কিছু মানুষ ইয়াবার প্যাকেট লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবার প্যাকেট এবং পুলিশের উদ্ধার তৎপরতা দেখা যায়। এক যুবককে ভিডিওতে বলতে শোনা যায়, “অনেকে দুই-তিন বান্ডিল ইয়াবা নিয়ে গেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। 

একপর্যায়ে মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।

দুর্ঘটনার পর মহাসড়কের পাশের ঘাসের মধ্যে ইয়াবার ছড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় স্থানীয় কিছু লোক ইয়াবার প্যাকেট কুড়িয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬০-১২৬৮) এবং কক্সবাজারমুখী নতুন মোটরসাইকেলবোঝাই একটি ট্রাকের (চট্টগ্রাম-গ ০৫-০০৬৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ব্যাগ থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে অধিদপ্তরের কোনো সদস্যকে পাওয়া যায়নি।

ওসি বলেন, “ধারণা করছি, নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”

পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status