ফুলবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 6:49 PM
ফুলবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাবা দিলারা আকতার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ শামসুজ্জামান হাসু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক, এমপি প্রতিনিধি আব্দুল লতিফ, এনসিপির উপজেলা আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাবা দিলারা আকতার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তিনি ১৯, ২০ ও ২১ মে পর্যন্ত চলমান এ ভূমি সেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান, পর্চা উত্তোলন, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমি বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান করা হবে।