|
চাকমা সংস্কৃতি রক্ষায় জাগ্রত এক নাম সুলোক শশী চাকমা
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাকমা সংস্কৃতি রক্ষায় জাগ্রত এক নাম সুলোক শশী চাকমা দীঘিনালা উপজেলার থানা পাড়া এলাকার বাসিন্দা সুলোক শশী চাকমা (৬৫) ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত চাকমা সম্প্রদায়ের রীতি অনুযায়ী ১৩৯টি বিয়ে সম্পন্ন করিয়েছেন। বৌদ্ধ ধর্মীয় আচার, মন্ত্রপাঠ এবং চাকমাদের ঐতিহ্যবাহী চুঙলং বা যদন অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে তিনি বিয়েগুলোকে ধর্মীয় মর্যাদা ও সামাজিক স্বীকৃতির সঙ্গে সম্পন্ন করে থাকেন। স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি সমাজে একটি বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, বরং দুই পরিবারের সামাজিক বন্ধনেরও প্রতীক। সেই বন্ধনকে ধর্মীয় পবিত্রতা ও সাংস্কৃতিক রীতির মধ্যে সম্পন্ন করতে সুলোক শশী চাকমার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, চাকমা সমাজে এখনো অনেক পরিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা ঐতিহ্যগতভাবে সম্পন্ন করতে চান। সুলোক শশী চাকমা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছেন। তিনি শুধু মন্ত্রপাঠ করেন না, বরং পুরো অনুষ্ঠানকে ধর্মীয় ও সামাজিকভাবে সুন্দরভাবে পরিচালনা করেন। জানা গেছে, খাগড়াছড়ি ছাড়াও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে বিয়ের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। অনেক পরিবার আগেভাগেই তার সময় নিশ্চিত করতে যোগাযোগ করেন। তবে বিতর্কিত বা বাল্যবিবাহের মতো কোনো অনুষ্ঠানে তিনি অংশ নেন না। পাশাপাশি তিনি কোনো ধরনের বিবাহ সনদও প্রদান করেন না। সুলোক শশী চাকমা বলেন, বিয়ে শুধু সামাজিক আয়োজন নয়, এটি একটি পবিত্র বন্ধন। তাই আমি চেষ্টা করি ধর্মীয় নিয়ম ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য ঠিক রেখে অনুষ্ঠান সম্পন্ন করতে। নতুন প্রজন্ম যদি নিজেদের সংস্কৃতি ভুলে যায়, তাহলে একসময় আমাদের পরিচয়ও হারিয়ে যাবে। তিনি জানান, বিবাহ অনুষ্ঠান পরিচালনার আগে নিজের ধর্মীয় শুদ্ধতা বজায় রাখতে প্রতি বছর অন্তত একবার বৌদ্ধ মন্দিরে অস্থায়ী শ্রামণ প্রব্রজ্যা গ্রহণ করেন এবং নিয়মিত অষ্টশীল পালন করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমান সময়ে পাহাড়ি সমাজে আধুনিক আয়োজন বাড়লেও ঐতিহ্যবাহী বিয়ের রীতির প্রতি আগ্রহ এখনো রয়েছে। আর সেই ঐতিহ্য ধরে রাখতে সুলোক শশী চাকমার মতো মানুষের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডুয়েটে নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
নানা সমস্যায় জর্জরিত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সময়মতো মেলে না অ্যাম্বুলেন্স চালকের দেখা
লেনোভো পার্টনার এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
