|
ছাগলের মাংস বিক্রির চেষ্টা: গাজীপুরে দুই যুবকের কারাদণ্ড, কিশোর মুক্ত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ছাগলের মাংস বিক্রির চেষ্টা: গাজীপুরে দুই যুবকের কারাদণ্ড, কিশোর মুক্ত রোববার (৩ মে) দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস। দণ্ডপ্রাপ্তরা হলেন রুদ্রপুর পশ্চিম পাড়া এলাকার মোবারক ইসলামের ছেলে রাজিব হায়দার (২৩) এবং একই এলাকার হাবিবের ছেলে শাওন (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের একটি ছাগল ঘাস খাওয়ার সময় পথিমধ্যে কুকুরের কামড়ে মারা যায়। পরে সেটি যথাযথভাবে মাটিতে দাফন না করে জঙ্গলে ফেলে রাখা হয়। এ অবস্থায় রাজিব, শাওন ও আল আমিন নামের তিন যুবক জঙ্গলে গিয়ে মৃত ছাগলটি দেখতে পেয়ে চামড়া ছাড়িয়ে মাংস ভাগ করে বিক্রির চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনজনই মৃত ছাগলের মাংস বিক্রির কথা স্বীকার করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে জয়দেবপুর থানা পুলিশে খবর দেয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে অবহিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, ভোক্তা নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজিব ও শাওনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আল আমিনকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়াসহ জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত প্রাণীর মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। স্থানীয় প্রশাসন এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
