পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2026, 8:21 PM
পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পিরোজপুর শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে আয়োজিত এই দোয়া মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে কৃষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। কৃষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,দেশের কৃষক সমাজ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কৃষকদলকে আরও শক্তিশালী ও সংগঠিত হতে হবে।
প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমদ বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে কৃষকদলের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে,মরহুম জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।
এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।