শ্রীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2026, 7:02 PM
শ্রীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ লাখ টাকা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষসহ ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক ইব্রাহিম খলিলের মালিকানাধীন টিনশেড ঘরের ভাড়াটিয়া মো. আল আমিন (৪০)-এর কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়ী এলাকার বাসিন্দা।
আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে প্রায় ১২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস রওয়ানা হয়ে পৌঁছানোর পূর্বেই স্থানীয়দের তৎপরতায় আগুন নির্বাপণ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টি নজরদারিতে রেখেছেন বলেও জানা গেছে।