গাজীপুর মহানগরীর হাজীয়ানী তাহেরা বেগম হাজী আব্দুল গাফফার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের কাতুরা বোম্বাই মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতারানুষ্ঠান সম্পন্ন করা হয়।
গছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া ও ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান।
পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষে মাদরাসা ও মসজিদের দায়িত্বপ্রাপ্ত আলেম-ওলামা এবং এতিম শিশুদের অংশগ্রহণে প্রায় দেড় হাজার রোজাদার একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
আয়োজক ফারুক খান জানান, পবিত্র রমজান মাসে ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে পারিবারিক ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আজকের ইফতারে প্রায় ১২০০ স্থানীয় বাসিন্দা ও ৩০০ এতিম শিশু অংশ নিয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় জনগণের সমর্থন থাকলে আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ রয়েছে তার।