ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
এবার এমপিকে চেয়ার উপহার দিলেন সেই কাঠমিস্ত্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 February, 2026, 11:59 AM

এবার এমপিকে চেয়ার উপহার দিলেন সেই কাঠমিস্ত্রি

এবার এমপিকে চেয়ার উপহার দিলেন সেই কাঠমিস্ত্রি

বামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তৈরি নৌকা খচিত কাঠের চেয়ার, ডানে নবনির্বাচিত এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালের হাতে দৃষ্টিনন্দন চেয়ার তুলে দিচ্ছেন কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার (হিরো)। 

হবিগঞ্জের মাধবপুরে আবারও আলোচনায় স্থানীয় কাঠমিস্ত্রি হীরেন্দ্র চন্দ্র সরকার- যিনি এলাকাজুড়ে ‘হিরো’ নামেই পরিচিত। এবার হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে নিজ হাতে তৈরি একটি দৃষ্টিনন্দন কাঠের চেয়ার উপহার দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণসংবর্ধনার এক অনুষ্ঠানে উপজেলার আদাঐর গ্রামের বাসিন্দা হীরেন্দ্র চন্দ্র সরকার দৃষ্টিনন্দন ওই চেয়ারটি উপহার দেন নবনির্বাচিত এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে।

জানা গেছে, এর আগে ২০২৪ সালের মে মাসে প্রায় তিন মাসের শ্রমে নৌকা প্রতীক খচিত একটি নান্দনিক চেয়ার তৈরি করেছিলেন হিরো। সেটি তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে উপহার দেওয়ার উদ্দেশ্যে বানান। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে খবরটি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে এবং গ্রহণের প্রস্তুতিও চলছিল। তবে পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নও উঠেছে। কেউ বলছেন, আলোচনায় থাকা বা ভাইরাল হওয়ার উদ্দেশ্য থাকতে পারে। আবার অনেকে মনে করছেন, এটি কেবলই ভালোবাসা ও সম্মান প্রদর্শনের একটি সৃজনশীল উদ্যোগ।

হীরেন্দ্র চন্দ্র সরকার জানান, তার বাড়ির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন চলে গেছে। এতে তার পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বহু চেষ্টা করেও সেটি অপসারণ করতে না পেরে তিনি ভেবেছেন, উচ্চপর্যায়ের জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে সমস্যার সমাধান হতে পারে।

মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা একরাম বলেন, ‘এমপি বিএনপি থেকে নির্বাচিত হলেও তিনি সবার প্রতিনিধি। ভালোবেসে যে কেউ তাকে উপহার দিতেই পারে। আমাদের নতুন এমপি তেলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সবাইকে নিয়ে কাজ করছেন।’

পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ইউসুফ খান বলেন, ‘গ্রাহক লিখিত আবেদন করলে বিধি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের মতে, কাঠের শিল্পকর্মের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই মাধবপুরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status