|
গুইমারায় বসতভিটায় অনধিকার প্রবেশকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৪ জন আহত
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
|
![]() গুইমারায় বসতভিটায় অনধিকার প্রবেশকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৪ জন আহত আহত মো. আমানুল বাদশা (৩৭) অভিযোগ করেন, তার মালিকানাধীন বসতভিটায় পাশের জমির মালিক মো. সুমন, তার দুই ছেলে মো. নজরুল ও মো. রবিউল এবং স্ত্রী রোশনা বেগমসহ আরও কয়েকজন বহিরাগত জোরপূর্বক প্রবেশ করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমানুলের মা এয়ারম বিবি (৬৫)-কে লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা মিজানুর রহমান (৭০)-কে রড ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় শ্বশুর আব্দুল মান্নান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়, ফলে তার একটি হাত ভেঙে যায়। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্য আহতরা খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
