|
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরার বাড়ির ভাড়াটিয়া মো. রতন (৩৩)কে আটক করে যৌথ বাহিনী। আটক রতনের পিতার নাম মৃত আবেদ আলী। তার স্থায়ী ঠিকানা লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রামে। অভিযানকালে রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের বডিতে স্পষ্টভাবে “MI911 AI U.S ARMY” লেখা খোদাই করা রয়েছে। এ ছাড়া একটি সচল ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ আসামিকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
