|
পাহাড় পেরিয়ে জাতীয় দলে: অনূর্ধ্ব-১৭ ক্রিকেটার কাউসারকে সংবর্ধনা দিলো খাগড়াছড়ি রিজিয়ন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পাহাড় পেরিয়ে জাতীয় দলে: অনূর্ধ্ব-১৭ ক্রিকেটার কাউসারকে সংবর্ধনা দিলো খাগড়াছড়ি রিজিয়ন খাগড়াছড়ি রিজিয়নের মাননীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ-এর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নেন এই উদীয়মান জাতীয় ক্রিকেটার। সাক্ষাৎকালে রিজিয়ন কমান্ডার কাউসার আহমেদকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন,“পার্বত্য অঞ্চলের সীমাবদ্ধতা পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছানো সহজ নয়। কাউসারের এই অর্জন প্রমাণ করে—সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে পাহাড় থেকেও দেশের জন্য সেরা খেলোয়াড় উঠে আসতে পারে।” সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন স্টাফ অফিসার জি-টু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আনিসুল আলম আনিক বলেন, কাউসার আহমেদের জাতীয় দলে অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এই অর্জন পাহাড়ি অঞ্চলের শত শত কিশোরকে স্বপ্ন দেখাবে।” তিনি আরও বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ যেভাবে ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়াচ্ছেন, তাতে পার্বত্য অঞ্চলে ক্রিকেটের অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের শক্ত ভিত গড়ে উঠবে। খাগড়াছড়ির বিত্তবান ও ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিত্তশালীরা যদি ক্রীড়াপ্রেমী হয়ে পাশে দাঁড়ান, তবে খাগড়াছড়ি থেকে কাউসারের মতো হাজারো প্রতিভার জন্ম হবে। শুধু ক্রিকেট নয়—ফুটবল, ভলিবল, হকি সহ সব ধরনের খেলায় এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।” এই সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—বরং এটি পাহাড়ি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির এক শক্তিশালী বার্তা। কাউসার আহমেদের এই সংবর্ধনা প্রমাণ করে, নিষ্ঠা ও পরিশ্রম থাকলে পাহাড়ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। খাগড়াছড়ির ক্রীড়াপ্রেমীরা আশাবাদী—এই তরুণ ক্রিকেটার ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়ে জেলার নাম দেশ ও দেশের বাইরে উজ্জ্বল করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
