দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র সহায়তা
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Sunday, 7 December, 2025, 6:39 PM
দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র সহায়তা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ ধনপাতাছড়া, উল্টাছড়ি ও পাকুজ্জাছড়িতে শীতের তীব্রতায় বিপাকে পড়া সুবিধাবঞ্চিত পরিবারের পাশে মানবিক হাত বাড়িয়েছে দীঘিনালা জোন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জোনের উদ্যোগে এসব প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্রসহ শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক এই কার্যক্রমে দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসির পক্ষ থেকে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ ও ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম, যাতে দুর্গম পরিবেশেও তারা সুস্থ–স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।
স্থানীয় পাহাড়ি বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—পাহাড়ে শীত কষ্টের, আর আমাদের অনেকেই শীতবস্ত্রের অভাবে ভোগি। সেনাবাহিনী নিয়মিত আমাদের পাশে দাঁড়ায়, যা আমাদের জন্য বড় সহায়তা।
তারা মনে করেন, এ ধরনের মানবিক সহযোগিতা শুধু তাৎক্ষণিক সেবা নয়—পাহাড়ের জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।