|
সেন্টমার্টিন সাগর থেকে ২ ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() সেন্টমার্টিন সাগর থেকে ২ ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নেওয়া হয়। ঘটনার ফলে ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কিত অবস্থায় রয়েছে। ট্রলার মালিক মো. সৈয়দ আলম বলেন, “আরাকান আর্মির কারণে নাফনদী ও সাগরে মাছ শিকার এখন অসম্ভব হয়ে গেছে। প্রতিদিনই জেলেরা ও ট্রলার অপহরণের শিকার হচ্ছে। আজকেও একটি ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পরেও অপহরণ ঘটেছে। এই পরিস্থিতি চলতে থাকলে জেলে ও ট্রলার মালিকদের জন্য দুর্দিন নেমে আসবে।” মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মি উপকূলীয় নিরাপত্তা জোরদার করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি ট্রলার আটক ও পরবর্তীতে মুক্তি পেয়েছে। তবে আইন অমান্যকারীদের বিষয়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলার ও জেলে অপহরণের বিষয়টি আমারা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে নিয়োজিত আইনশৃঙ্খলাবাহিনীকে খোঁজ খবর নেওয়ার জন্য বলা হয়েছে।” এর আগে গত ৫ নভেম্বর নাফ নদী থেকে ৬ জেলেকে, ২৮ অক্টোবর মিয়ানমারের জলসীমা থেকে ৭ জেলে এবং ২৭ অক্টোবর নাফ নদী থেকে আরো ৪ জেলেকে অপহরণ করা হয়। সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদী ও সেন্টমার্টিন সাগর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে অন্তত ৩৩০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২০০ জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।কমপক্ষে ১৩০ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
