|
রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ রবিবার (২১ জুন ২০২৬) শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লে. কর্নেল একরামুল রাহাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো. সাখাওয়াত হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, চলতি বছরে জেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলায় একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
