|
টয়লেটে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে পাইলসের ঝুঁকি!
নতুন সময় ডেস্ক
|
![]() টয়লেটে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে পাইলসের ঝুঁকি! গবেষণায় দেখা যায়, টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহারকারীরা অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় সেখানে কাটান। অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ জানিয়েছেন, তারা টয়লেটে ফোন ব্যবহার করেন। এদের মধ্যে ৩৭ শতাংশ একটানা পাঁচ মিনিটেরও বেশি সময় সেখানে বসে থাকেন। অন্যদিকে ফোন ব্যবহার না করা ব্যক্তিদের মধ্যে এই হার মাত্র ৭.১ শতাংশ। গবেষক দলের প্রধান বলেন, টয়লেটে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে পাইলস হওয়ার ঝুঁকি প্রায় ৪৬ শতাংশ বেশি। তিনি আরও জানান, আধুনিক জীবনযাপন ও অভ্যাস স্বাস্থ্যের ওপর কীভাবে প্রভাব ফেলছে, সে বিষয়ে এখনো জানার অনেক কিছু বাকি আছে। এই গবেষণায় অংশ নেন ১২৫ জন প্রাপ্তবয়স্ক, যাদের কোলন ক্যানসার পরীক্ষার জন্য স্ক্রিনিং করা হচ্ছিল। তাদের জীবনযাত্রা ও টয়লেট-অভ্যাস নিয়ে অনলাইন জরিপ করা হয় এবং চিকিৎসকেরা পাইলস আছে কি না তা পরীক্ষা করেন। টয়লেটে ফোন ব্যবহারের সময় সংবাদ পড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা, মেসেজ বা ইমেইল পড়া, গেম খেলা এবং ভিডিও দেখার মতো কাজের উল্লেখ পাওয়া গেছে। তবে গবেষণায় দেখা গেছে, টয়লেটে চাপ প্রয়োগ বা স্ট্রেইন করা সরাসরি পাইলসের ঝুঁকি বাড়ায় না। গবেষক পরামর্শ দেন, টয়লেটে পাঁচ মিনিটের বেশি না বসার চেষ্টা করা উচিত। যদি বেশি সময় লেগে যায়, তবে সেটা শারীরিক সমস্যার কারণে নাকি স্মার্টফোন ব্যবহারের কারণে হচ্ছে তা খেয়াল রাখতে হবে। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যের অর্ধেক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে পাইলসে আক্রান্ত হন। এ রোগ প্রতিরোধে আঁশযুক্ত খাবার বেশি খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
