|
আতঙ্কের বরগুনা: একদিনে ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত, স্থান সংকটে হাসপাতাল
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() আতঙ্কের বরগুনা: একদিনে ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত, স্থান সংকটে হাসপাতাল গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় রেকর্ড ৯৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একদিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯৫ জনে। স্বাস্থ্য বিভাগ জানায়, বরগুনা সদরেই শনাক্ত ৮০ জন,বামনায় ৬ জন,পাথরঘাটায় ৪ জন, বেতাগীতে ২ জন এবং আমতলীতে ১ জন। হাসপাতালগুলোতে ঠাঁই নাই এ মুহূর্তে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ২০৬ জন,বামনায় ১১ জন, বেতাগীতে ৬ জন আমতলীতে ৩ জন , তালতলী ও পাথরঘাটায় ৮ জন করে ভর্তি আছেন। মৃত্যু সংখ্যাও বেড়েই চলেছে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন মানুষ, যাঁরা সবাই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। প্রতিটি মৃত্যু শুধুই একটি সংখ্যা নয় — একেকটি পরিবার ভেঙে পড়েছে, হারিয়েছে বাবা, মা, সন্তান কিংবা প্রিয়জনকে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তিনি আরও বলেন, ভর্তি ও রিলিজ সমান হওয়ায় এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এর বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে রোগীদের রাখার আর জায়গা থাকবে না। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা আজ। দিন যত বাড়ছে, আক্রান্তের হারও ততই বাড়ছে। কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এমন চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি বাড়ি ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
