|
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন। তার পক্ষে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই। নাজমুল হোসেন হাতিয়ার তমরুদ্দির উত্তর বেজুগুলিয়ার মোশাররফ হোসেনের ছেলে। আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে দাখিল করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। রিটে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনটি হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থীও। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
