|
নেত্রকোণায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকান্ড, ময়মনসিংহ জারিয়া রেল যোগাযোগ বন্ধের ৫ ঘন্টার পর স্বাভাবিক
নেত্রকোণা প্রতিনিধি :
|
![]() নেত্রকোণায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকান্ড, ময়মনসিংহ জারিয়া রেল যোগাযোগ বন্ধের ৫ ঘন্টার পর স্বাভাবিক স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জারিয়া রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শী, শ্যামগঞ্জ ও পূর্বধলা স্টেশন সূত্রে জানা গেছে, নেত্রকোণার শ্যামগঞ্জ-জারিয়া রেলপথে প্রতিদিন পাঁচটি ট্রেন আসাযাওয়া করে। এরমধ্যে ঢাকা থেকে একটি বলাকা ডাউন ট্রেন রয়েছে। অন্য চারটি লোকাল ট্রেন ময়মনসিংহ থেকে ওই পথে চলাচল করে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বলাকা ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি পূর্বধলা সেটশনে পৌঁছে। এর তিন মিনিট পর ওই স্টেশন থেকে পরের স্টেশন জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু পৌনে ১২টার দিকে জারিয়া আনসার ক্যাম্প বালুঘাটা সেতুর কাছে পৌঁলেই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ওই ট্রেনে থাকা যাত্রী দুর্গাপুরের ঝাইঞ্জাইল এলাকার ব্যবসাযী রফিকুল ইসলাম বলেন, ‘আমি ট্রেনে করে ময়মনসিংহ থেকে জারিয়া যাচ্ছিলাম। পূর্বধলা স্টেশন থেকে ট্রেন ছাড়ার প্রায় ১৫ মিনিট পরই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে অস্বাভাবিক কালো ধোঁয়া আর আগুন দেখতে পাই। আতঙ্কে যাত্রীরাও হইহুল্লো শুরু করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ইঞ্জিনে থাকা লোকোমাস্টার ট্রেন থামাতে বলেন। এরপর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ইঞ্জিনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রেনে থাকা যাত্রী বা অন্য কোন বগির ক্ষতি হয়নি।’ ঘটনার প্রত্যক্ষদর্শী জারিয়া এলাকার বাসিন্দা তরিকুল মিয়া বলেন, ‘বেলা পৌনে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে দেখি ইঞ্জিনে আগুন ধরা একটি যাত্রীবাহী ট্রেন বালুঘাটা সেতু এলাকায় এসে থামে। আগুন দেখে স্থানীয় নারী-পুরুষ সবাই গামলা, কলসি, বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাছে পানি থাকায় আমরা সবাই মিলে প্রায় ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ফায়ার সার্ভিস পৌঁছে।’ নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি জারিয়া এলাকায় আসলে বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, প্রশাসনের সিদ্ধান্তক্রমে রিলিফ ইঞ্জিন পাঠানো হবে। পরে অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণার পূর্বধলা রেলস্টেশনের স্টেশনমাস্টার আবুল মোমেন বলেন, ‘ইঞ্জিনের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জেনেছি। আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। আগুনে ট্রেন ইঞ্জিনটির ক্ষতি হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরো ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে। আর আগুন লাগা ইঞ্জিনটি বেশ পুরোনো ছিল। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন রওনা হয়েছে। ট্রেনটিকে শ্যামগঞ্জ জংশনে নিয়ে যাওয়া হবে। তিনি জানান, রেলের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে জারিয়া-শ্যামগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
