অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নামতে দিল না ভারত, পাকিস্তানে জরুরি অবতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 9:26 PM
অসুস্থ বাংলাদেশি যাত্রীকে নামতে দিল না ভারত, পাকিস্তানে জরুরি অবতরণ
বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ভারতে জরুরি অবতরণ করতে চেয়েও পারেনি ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। শেষ পর্যন্ত ওই উড়োজাহাজটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটের দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে রওনা দেয়। ভারতের আকশসীমায় প্রবেশের পর ৪৪ বছর বয়সী বাংলাদেশি যাত্রী আবু তাহিরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি উচ্চরক্তচাপ ও বমি করতে শুরু করেন।
এ অবস্থায় জরুরি অবতরণের জন্য পাইলট উড়োজাহাজটি মুম্বাই বিমানবন্দরে নামার অনুমতি চান। কিন্তু এই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অনুমতি দেয়নি।
পরে পাইলট করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চেয়ে যোগাযোগ করে। অনুমতি পাওয়ার পর উড়োজাহজটি স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটের দিকে উড়োজাহাজটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চিকিৎসক দল ওই যাত্রীকে জরুরিসেবা দেয়। ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর উড়োজাহাজটি রিয়াদের উদ্দেশে করাচি ছেড়ে যায়।