|
নুরের সঙ্গে ‘কেএনএফের সম্পর্ক’ খতিয়ে দেখছে র্যাব
নতুন সময় ডেস্ক
|
![]() নুরের সঙ্গে ‘কেএনএফের সম্পর্ক’ খতিয়ে দেখছে র্যাব পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের সঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কোনো ধরনের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে র্যাব। সোমবার ঢাকার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান। ‘কেএনএফ’ এর সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে নুর বলেছেন, সরকার বিরোধী দলকে ‘ফাঁসাতে’ চাইছে বলে তার বিরুদ্ধে বানোয়াট কথা রটানো হচ্ছে। জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন র্যাব কর্মকর্তা মঈন। সেখানেই নুরের প্রসঙ্গ আসে। ‘বম পার্টি’ নামে পরিচিতি কেএনএফ’র সঙ্গে নুরের ‘যোগাযোগ’ নিয়ে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংবাদিকরা র্যব কর্মকর্তা মঈনের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কেএনএফের ভেরিফায়েড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে (নুর) নিয়ে কথা বলা হয়েছে। কেএনএফ এর সঙ্গে নুরের যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্যউপাত্ত আমাদের সামনে এসেছে। “নুরের সঙ্গে যোগাযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছেন। তদন্ত শেষে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।“ তবে নুরের সঙ্গে ‘কেএনএফ’র যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেইজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।" কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ পাহাড়ের একটি সশস্ত্র দল, যাদের পাহাড়িরা ‘বম পার্টি’ নামে চেনে। নিজেদের তারা পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক অঞ্চলের অনগ্রসর জনজাতিগুলোর ‘প্রতিনিধিত্বকারী’ হিসেবে তুলে ধরে। এ সংগঠন ‘কুকি-চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা। গতবছরের শেষ দিকে নতুন একটি জঙ্গি সংগঠনের তৎপরতার খবর দেয় র্যাব, যে দলটি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে কর্মকাণ্ড চালাচ্ছে। ওই সংগঠনের বেশ কয়েকজনতে গ্রেপ্তারের পর র্যাবের তরফ থেকে বলা হয়, নতুন এ জঙ্গি সংগঠনকে পাহাড়ের দল বম পার্টি পৃষ্ঠপোষকতা করছে। পাহাড়ে তাদের প্রশিক্ষণও চলছে। এ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে জানতে নুরুল হক নুরকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এগুলো একেবারে আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য উদ্ভট ও বানোয়াট কথাবার্তা।” সরাকরের বিরুদ্ধে অভিযোগ করে নুর বলেন, “সরকার রাজনৈতিক স্বার্থে তাদের এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে, বিরোধী দলকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে।“ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় আসা ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর পরে ডাকসুর ভিপি নির্বাচিত হন। এর পর থেকেই তিনি সরকারের বিরোধিতায় সরব। গণঅধিকার পরিষদের আন্দোলনের ধারাবাহিকতায় দুই বছর আগে গঠিত হয় নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ, যার একাংশের নেতৃত্ব দিচ্ছেন নুর। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে ‘টাকা নেওয়া’ অভিযোগ এবং ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে কথিত বৈঠকের খবর নিয়েও গত কয়েক সপ্তাহে আলোচনায় ছিলেন নুর। সেসব অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
