আলোচনা-সমালোচনার মধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। তীব্র শীত উপেক্ষা করেই প্রথম দিনে শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুরের গ্যালারিতে আশাব্যঞ্জক দর্শকের উপস্থিতি দেখা গেছে। যদিও প্রথম দিনে মাঠের খেলায় উত্তাপ দেখা যায়নি তেমন।
প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বলতে গেলে পাত্তাই দেয়নি মাশরাফীর সিলেট। এ ছাড়া রনি তালুকদারের আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে বড় জয় পেয়েছে নুরুর হাসান সোহানের রংপুর রাইডার্স।
দ্বিতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার এবং অধিনায়কের দ্বৈরথও এটি।
এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচে ফেবারিট হিসেবেই জয় পেয়েছে সিলেট। দেশি তরুণ ক্রিকেটারদের সঙ্গে বিদেশি তারকা ক্রিকেটাররাও দলটিকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মাশরাফীর সিলেটে অভিজ্ঞ মুশফিক ও রুবেলরা ছাড়াও রয়েছেন রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মতো তরুণ ক্রিকেটাররা।
এ ছাড়া বিদেশিদের মধ্যে মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লরাও বাড়তি শক্তি যোগাচ্ছে। সেই সঙ্গে মাশরাফীর ক্যারিশম্যাটিক নেতৃত্ব তো রয়েছেই।
অন্যদিকে, চলতি আসরেও যথারীতি শক্তিশালী দল গড়েছে সাকিবের বরিশাল। দেশি মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়দের সঙ্গে রাকিম কর্নওয়াল, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটাররা বিপিএল মাতানোর অপেক্ষায়।