ল্যাভরভের সঙ্গে সাক্ষাতের আগে বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু
রাশিয়ার মিত্র বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২০১২ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি হঠাৎ মারা গেছেন। সেখানে বিস্তারিত আর কোনো তথ্য ছিল না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রীর তথ্য বিবরণী থেকে জানা যায়, ১৯৫৮ সালে বেলারুশের গ্রোডনোতে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সাল থেকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ভ্লাদিমির মেকি (৬৪) চলতি সপ্তাহের শুরুতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) এক সম্মেলনে যোগ দিয়েছিলেন। এটি সোভিয়েত যুগ পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এবং সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার দেখা করার কথা ছিল।
প্রেসিডেন্টের সরকারি ওয়েবনাইটে প্রকাশিত বিবৃতি থেকে জানা যায়, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মেকির পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মেকির মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে, তিনি রাশিয়া-বেলারুশ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র, বিশেষ করে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।