অভিজ্ঞতা নিতে কবরে ঢুকে পুলিশের সওয়াল-জবাবের মুখে ইউটিউবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 August, 2022, 12:06 PM
অভিজ্ঞতা নিতে কবরে ঢুকে পুলিশের সওয়াল-জবাবের মুখে ইউটিউবার
নিজেই খুঁড়েছেন কবর। এরপর কাউকে না জানিয়ে রাতে কবরে প্রবেশ করেন ইউটিউবার। সেখানে কাটান ১১ ঘণ্টা। অভিজ্ঞতা অর্জন করতেই কবরে যান ওই ইউটিউবার।
ভেতরের দৃশ্য ধারণ করতে কবরে নিয়ে যান ক্যামেরা। ভিডিও করে সেই অভিজ্ঞতা শেয়ার করবেন ইউটিউবে। তবে রনির কবরে অবস্থানের বিষয়টি জানাজানি হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কবর থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এমন ঘটনা ঘটেছে বগুড়ার শাজাহানপুরে। আটক ওই ইউটিউবারের নাম মিজানুর রহমান রনি (২২)। সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কবর থেকে রনিকে আটক করে পুলিশ।
রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে এ বছর ডিপ্লোমা পাস করেছেন।
স্থানীয়রা জানায়, রনি নিজ বাড়ির উঠানে কবর খোঁড়েন। এরপর রবিবার রাত ১১টার দিকে কাউকে না জানিয়ে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢোকেন। কবরে যাতে গরম না লাগে সে জন্য ওপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলেও অনেকে সমালোচনা করেন। খবর পেয়ে পুলিশ এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, রনি বছরখানেক আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে ভ্রমণ করেছেন।
শাজাহানপুর থানার এসআই শামীম হাসান বলেন, ‘রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোস্ট করার জন্য সে এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আরো জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’