নুরুল ইসলামের অনেক সম্পত্তি ছিল। তেমন কাজ করতেন না তিনি। সম্পত্তি বিক্রি করে চলতেন তিনি। কয়েক বছর আগে কিছু সম্পত্তি দুই ছেলের নামে লিখে দিতে বাধ্য হন। এরপর থেকে ছেলেকে হত্যা করবেন বলে হুমকি দিয়ে আসছিলেন তিনি। আর তা বাস্তবেই করেও ফেলেন। কিশোর ছেলে রুহুল আমিনকে বাবা প্রথমে বিদ্যুৎস্পর্শে ও পরে শ্বাসরোধে হত্যা করলেন বাবা। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নুরুল ইসলামকে পুলিশে সোপর্দ করেন। গত রোববার রাতে যশোর সদর উপজেলার চাঁদপাড়ার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
আটককৃত নুরুল ইসলাম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা পরিবারের জন্য দিয়েছি। আর কিছু জমি ছিল। তাও ছেলের নামে লিখে নিয়েছে। আমি এখন আর পরিশ্রম করতে পারি না। স্ত্রী সন্তান আমাকে আর চায় না। তারা সবাই মিলে আমাকে ঠিকমতো খেতে দিতো না। উঠতে বসতে তারা আমাকে অমানসিক নির্যাতন চালাতো। তাই ছেলেকে হত্যা করেছি।
চাঁদপাড়ার ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, নুরুল ইসলামের অনেক সম্পত্তি ছিল। সে তেমন কাজ করতো না। জমি বিক্রি করে চলতো। এ নিয়ে পারিবারিক বিরোধ ছিল।
তিনি আরো বলেন, নুরুল ইসলামের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করেন। আর তার স্ত্রী শান্তনা বাবার বাড়িতে ছিলেন। ছোট ছেলে স্থানীয় মাদরাসায় থেকে লেখাপড়া করে। এ সুযোগে রোববার রাতে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে বাড়িতে একা পেয়ে রাতের কোনো এক সময় হত্যা করে ঘরের মধ্যে ফেলে রাখে তার বাবা নুরুল ইসলাম। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা তার বাড়িতে আসে।
নুরুল ইসলাম শ্বাসরোধে ও বিদ্যুৎস্পৃষ্টে তার ছেলেকে হত্যা করেছে বলে জানান। বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান ও সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। আর এলাকাবাসী নুরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
যশোর কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান জানান, আটককৃত নুরুল ইসলাম তার ছেলেকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। মৃতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বিদ্যুৎস্পৃষ্টের আলামত রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, পারিবারিক কলেহের জেরে নুরুল ইসলাম তার ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মৃতের মা থানায় মামলা করেছেন।