ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 7:25 PM

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইরানের এই অভিজাত বাহিনীর ক্ষমতার লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি দিতে হবে তেহরানকে।

বুধবার (১৬ মার্চ) এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানায়, তেহরানের পক্ষ থেকে কোন ধরনের গ্রহণযোগ্য প্রতিশ্রুতির বিনিময়ে এ পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।

গত ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) কালোতালিকাভুক্ত করেন। এতে খোদ নিজ দল রিপাবলিকান পার্টির সমালোচনার মুখে পড়েন তিনি।

অপর একটি সার্বভৌম সরকারের কোনো অংশকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করার এমন ঘটনা ছিল ওয়াশিংটনের জন্য প্রথম। এবার ট্রাম্পের ওই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

ইরানের ক্ষমতাকাঠামোয় ইসলামি বিপ্লবী গার্ডের ব্যাপক প্রভাব রয়েছে। এলিট সামরিক ও গোয়েন্দা বাহিনীর পাশাপাশি দেশটির বাণিজ্যিক খাতও নিয়ন্ত্রণ করে এই বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, আইআরজিসির আঞ্চলিক ও অন্যান্য ভূমিকার ক্ষেত্রে ইরানের কোনও প্রতিশ্রুতি অথবা পদক্ষেপের বিনিময়ে সন্ত্রাসী তকমা তুলে নেয়া যায় কি না, সেই চিন্তাভাবনা করছে বাইডেন প্রশাসন।

একাধিক সূত্র জানিয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে পরোক্ষ আলোচনা চলছে, সেই আলোচনার বিরোধপূর্ণ ইস্যুগুলোর অন্যতম হচ্ছে আইজিআরসির সন্ত্রাসী তালিকাভুক্তি। ওই চুক্তিতে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বলা হয়েছে।

আইআরজিসিকে সন্ত্রাসী কালোতালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, চুক্তি পুনর্জীবিত করার সংলাপে মূল আলোচনার বিষয় হচ্ছে অবরোধ তুলে নেয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status