ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফিল্মি স্টাইলে ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলাম (৩০) ওপর হামলা চালিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বুধবাররাতে কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকেলে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের ক্লাস শেষ করে বিদ্যালয় থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে পৌছামাত্র এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল গণিপুর গ্রামের আমির আলীর পুত্র যুবলীগ নেতা ফয়েজ আহমদ। এ ঘটনা দেখে প্রতিবাদ করেন প্রভাষক। ঘটনার বিরোধে গত ১৫দিন আগে কৈতক হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসীতে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। তাৎক্ষনিক স্থানীয়রা নিষ্পত্তি করে দেন।
এ ঘটনার জের ধরেই ফয়েজ আহমদের নেতৃত্বে ৪ জন পূর্বপরিকল্পিতভাবে প্রভাষককে দাঁড়ালো অন্ত্র দিয়ে প্রাণে মারার জন্য ঘেরাও করে মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায় বখাটেরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভতি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত প্রভাষকের বাবা শফিকুল ইসলাম বুধবার রাতে বাদী হয়ে জাউয়াবাজার এলাকার মৃত আমির আলীর পুত্র বখাটে ফয়েজ আহমদকে প্রধান ও তার সহযোগী জুনেদ আহমদ, রাসেল আহমদ, হাসান আহমেদর নাম উল্লেখ করে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন।
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমদ আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল বখাটেরা। প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা করে বখাটেরা।
ছাতক থানার ওসি মাহবুর রহমান ঘটনা ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটেদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে।