লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এম এ হান্নান, লালমনিরহাট
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 9:59 PM
লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন ছাত্র হলের নিজ কক্ষ থেকে আলামিন সরকার আবির (২২) লাশ উদ্ধার করা হয়। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর আষারিয়া চালা এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং সাইন্সের প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহত আলামিনের রুমমেট রনি আহমেদ জানায়, দুপুরে সবাই খেতে যাই। তখন সে রুমেই ছিলো। খাবার শেষে ফিরে দেখি কক্ষ ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে ফোন করলেও তা রিসিভ করছিলো না।
এ সময় রুমে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি অধ্যক্ষকে জানানো হয়। পরবর্তীতে তিনি আরও কয়েকজন শিক্ষক ও হলে থাকা শিক্ষার্থীকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে কলেজ কর্তৃপক্ষ থানায় অবগত করলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।বিষয়ে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ সাহেবা বেগম কোনো কথা বলতে রাজি হননি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, নার্সিং কলেজের আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা যায়।