চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মাদক মামলায় মো. সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা নাগরিকের ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সৈয়দ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা শরণার্থী ক্যাম্পের এ ব্লকের রুস্তম আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় সৈয়দ আলমকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে সৈয়দ আলম জামিন নিয়ে পলাতক রয়েছেন।
২০১৮ সালের ৪ ডিসেম্বর নুর আহমেদ সড়কের দুই নম্বর মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্স এলাকা থেকে এক হাজার ৬৫০টি ইয়াবাসহ সৈয়দ আলমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় অধিদফতরের চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা কোতোয়ালি থানায় মামলা করেন।