ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসায় ঢুকে সুপারকে পেটাল ম্যানেজিং কমিটির সদস্যরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 January, 2022, 1:42 PM

মাদ্রাসায় ঢুকে সুপারকে পেটাল ম্যানেজিং কমিটির সদস্যরা

মাদ্রাসায় ঢুকে সুপারকে পেটাল ম্যানেজিং কমিটির সদস্যরা

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসা সুপার মো. নুহু মিয়াকে মাদ্রাসার ভেতরেই ম্যানেজিং কমিটির দুই সদস্য মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি, উপজেলার শানেরহাট ইউনিয়নের খোলাহাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির সুপার মো. নুহু মিয়া প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় আসেন। তিনি আসার পর পরই মাদ্রাসার ম্যানেজিং কমিটির দুই সদস্য কাজী আপেল মিয়া ও সেলিম মিয়া সোয়া ১০টার দিকে মাদ্রাসার সুপারের কক্ষে ঢোকেন। এর পর তারা সুপারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যেতে বলে।

এ নিয়ে উভয়পক্ষে তর্কাতর্কি শুরু হলে সুপারকে তারা মারপিট শুরু করে। ঘটনার পর আহত সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, আমরা ভালোভাবেই মাদ্রাসায় পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু ম্যানেজিং কমিটি কী কারণে, কখন সুপারকে বরখাস্ত করল জানি না।

আতঙ্কিত একাধিক শিক্ষার্থী এই ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করেছে।

ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মিয়া বলেন, মারপিট করা হয়নি। শুধু হাত দিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে।

অপর সদস্য কাজী আপেল মিয়া বলেন, ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে সুপারকে মাদ্রাসায় আসতে নিষেধ করছি। হাতাহাতি বা মারামারি হয়নি।

সুপার নুহু মিয়া বলেন, আমি ২২ বছর ধরে এই মাদ্রাসায় সুনামের সঙ্গে সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসলাম। আর এখন আমাকে অর্থ আত্মসাতের মিথ্যা অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনছি। অথচ আমাকে কারণ দর্শানোর নোটিশ বা সাময়িক বরখাস্তের কোনো চিঠি দেওয়া হয়নি। আমি নিয়মিতই মাদ্রাসায় দাপ্তরিক কাজ করতে গিয়ে মারপিটের শিকার হলাম।

তিনি আরও বলেন, বরখাস্ত যদি করা হয়েই থাকে, সেটি আইন মোতাবেক চলবে। কিন্তু কেন মারপিট করা হলো। আমি সুস্থ হয়ে মামলা করব।

ম্যানেজিং কমিটির সভাপতি মোনায়েম সরকার মানু বলেন, ১১ জানুয়ারি সুপারকে সাময়িক বরখাস্ত করেছি। তার পরও সে মাদ্রাসায় আসায় কমিটির সদস্যরা তাকে শুধু নিষেধ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, ওই মাদ্রাসার সুপারকে সাময়িক বরখাস্ত বিধি মোতাবেক হয়নি। তা ছাড়া তাকে মারপিট করা অন্যায় হয়েছে। সুপার আমার কাছে আসলে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status