প্রকাশ: Wednesday, 12 January, 2022, 11:02 AM সর্বশেষ আপডেট: Wednesday, 12 January, 2022, 11:10 AM
এবার ক্রিকেটার জাহানারাকে নিয়ে গুরুতর অভিযোগ
প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট তথা ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেই উচ্ছ্বাসের মধ্যেই হঠাৎ যেন কালো মেঘ ভর করেছে।
মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে গত শনিবার (৮ জানুয়ারি) দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। তবে সে দলে জায়গা হয়নি জাহানারা আলমের। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। কিন্তু নারী দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি লিখেছেন নিজের অসন্তুষ্টির কথা। চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী কারণে ক্ষুব্ধ হয়ে জাহানারা এই অভিযোগপত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখবে বোর্ড।
এদিকে জাহানার চিঠির বিষয়টি সামনে আসতেই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জাহানারার কিছু শৃঙ্খলাজনিত সমস্যা ছিল। জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটার জন্য ও আরও কঠিন শাস্তি পেতে পারত। আমরা শুধু সতর্ক করার জন্যই তাকে বাদ দিয়েছি।
জাহানারা ইস্যুতে মঙ্গলবার (১১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, অনেক বিষয় থাকে, যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেট তথা প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয়। এমন বিষয় আমি এড়িয়ে যেতে চাই।
এদিন তিনি আরও বলেন, বিষয়টি স্পর্শকাতর। আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাই না। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন।
এদিকে জাহানারা বাদ পড়ায় নতুন অধিনায়ক পেয়েছে দল। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব পেয়েছেন কিপার-ব্যাটার নিগার সুলতানা। তার আগে সবশেষ এই সংস্করণে অধিনায়ক ছিলেন অভিজ্ঞ সালমা খাতুন।