বিজ্ঞাপন দেখে ভাইবোন পরিচয়ে দুপুরে ঘর ভাড়া নিয়েছিলেন দুইজন। আর সেদিন সন্ধ্যা বেলাতে ওই ঘরেই পাওয়া গেল এক নারীর লাশ। ওই নারীর সঙ্গে থাকা পুরুষ বর্তমানে পলাতক রয়েছেন।
রাজধানীর ভাটারার নুরের চালা এলাকায় শুক্রবার এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, টিনশেড ঘর ভাড়া দেওয়া হবে’ -এমন বিজ্ঞাপন দেখে ওই দুজন বাড়ির মালিকের কাছে ভাইবোন পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিলেন।
এদিকে পুলিশের ধারণা, ভাড়া নেয়া পুরুষ সঙ্গী ওই নারীকে হত্যা করে পালিয়ে গেছেন। শুক্রবার রাতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ওসি সাজেদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে ভাইবোন পরিচয়ে পাঁচ হাজার টাকায় ঘরটি ভাড়াও নেন তারা। বিকেলে জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অগ্রিম টাকা পরিশোধ করার কথা বাড়িওয়ালাকে জানান। তবে ঘরটি অপরিষ্কার থাকায় সেটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করতে চান। বাড়িওয়ালা এতে রাজি হন এবং ঘরটি ছেড়ে দেন।
তিনি বলেন, এরপর বিকেল গড়ালেও তাদের দুজনের কোনো সাড়া মিলছিল না। সন্ধ্যায় বাড়িওয়ালা সেই ঘরে গিয়ে দেখেন, ওই নারী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সাড়া না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীকে খুন করা হয়েছে।
এদিকে ঘটনার পর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।