ভারতে ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু ৫৫৫, নতুন আতঙ্ক নোরোভাইরাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 1:37 PM
ভারতে ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু ৫৫৫, নতুন আতঙ্ক নোরোভাইরাস
দেড় বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনো পুরোপুরি বাগে আনা যায়নি করোনাভাইরাসকে। তবে টিকাকরণে জোর দিয়েই ছন্দে ফিরতে চাইছে দেশ। আগের তুলনায় অনেকটা বেড়েছে সুস্থতার হার। তা সত্ত্বেও প্রতিদিনই করোনা কেড়ে চলেছে মানুষের প্রাণ। আর করোনা আতঙ্কের মধ্যেই আবার নোরোভাইরাসে চিন্তার ভাঁজ কেরালায়।
শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা কম। রাজধানী দিল্লির পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে হলেও নতুন করে ভয় ধরাচ্ছে কেরালার কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৭৪ জন।
মহারাষ্ট্রেও এক দিনে আক্রান্ত প্রায় এক হাজার। আবার এক দিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও।
রিপোর্ট অনুযায়ী, মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। যার মধ্যে কেবলমাত্র কেরালায় মৃত ৫৯ জন। আর এরই মধ্যে এ রাজ্যে চোখ রাঙাচ্ছে নোরোভাইরাস। এখনো পর্যন্ত ১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ২৪৫ জন।
এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর নিম্নমুখী গ্রাফ বেশ স্বস্তিজনক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লাখ ৩৬ হাজার ৩০৮ জন। যা গত ২৭৪ দিনে সর্বনিম্ন। সংক্রমণ ঠেকাতে কোভিডবিধি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৪৮৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৪০৩ জন। সূত্র : সংবাদ প্রতিদিন