ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যার তিন দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলল পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জসীম উদ্দিনের লাশ তোলা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার জিরেনগাছা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে বড় ভাই আব্দুর রউফ ছোট ভাই জসীম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে। তারা উভয়ে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ ঘটনা ধামাচাপা দিতে আব্দুর রউফ উলাশী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হাসান আলীকে অর্থ দেন বলে অভিযোগ রয়েছে। একদিন পর সরেজমিনে গণমাধ্যম কর্মীরা আব্দুর রউফের বাড়ি গেলে নাভারণ সার্কেল এ এসপি খবর পেয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে আব্দুর রউফসহ তার পরিবারকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
উলাশী ইউনিয়ন মেম্বার হাসান আলী বলেন, রউফ তার ভাইকে হত্যা করেছে এটা সঠিক। তবে আমার কাছে তারা টাকা দেয়নি। তারা গ্রামের অন্য কারো কাছে টাকা দিয়েছিল যা পরে শার্শা থানা ওসি উদ্ধার করে তাদের বোন সুমির কাছে দিয়েছেন।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, আব্দুর রউফ তার ভাইকে নিজেই হত্যা করেছে এমন স্বীকারোক্তিমূলক জবানববন্দি দেন থানা ও বিজ্ঞ আদালতে। নিহত জসীমের বোন সুমি খাতুন বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উঠাতে আদেশ দেন। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লাশ ময়নাতদন্তর জন্য তোলা হয়েছে। লাশটি যশোর মর্গে পাঠানো হয়েছে।