এইতো কয়দিন আগেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। স্বল্প সময়ের জন্য সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ থাকায় ক্রিকেটারদের খুঁটিনাটি সমস্যাগুলোর দিকে মনোযোগ দিয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। তার পরামর্শ মেনেই জিম্বাবুয়ে সিরিজে দলের বিপর্যয়ে দুর্দান্ত অবদান রেখেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। যতক্ষণ লিটন ক্রিজে ছিলেন ততক্ষণ ঘড়ির কাঁটায় মনোযোগ ছিল প্রিন্সের।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করতে এসে নড়বড়ে শুরু হয় বাংলাদেশের। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ১৩২ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। এমন মুহূর্তে ক্রিজে এসে মাহমুদউল্লাকে নিয়ে দারুণ এক প্রতিরোধী জুটি গড়েন লিটন। ক্যারিয়ার সেরা ৯৫ রান করে দলকে ভালো অবস্থান টেনে নিয়ে বিদায় নেন তিনি। প্রায় ২০০ মিনিট ক্রিজে দক্ষতার সঙ্গে ছিলেন লিটন।
লিটনের ধৈর্য্যশীল ব্যাটিং নিয়ে প্রিন্স বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে লিটনের সঙ্গে আমার বেশ কিছু আলাপ হয়েছে। তখন সে জানিয়েছে যে, প্রায়ই ৩০-৪০ করার পর মনোযোগের অভাবে নিজের উইকেট ছুড়ে চলে আসে। আমি বলেছি, কত রান হলো তা ভুলে তুমি যদি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারো, তাহলে দেখবে সেঞ্চুরির কাছে চলে গেছো। আজ যখন সে ব্যাট করছিল আমি ঘড়ি দেখছিলাম। সে আজ তিন ঘণ্টার কিছু বেশি সময় ক্রিজে ছিল। সেঞ্চুরি না পাওয়ায় আমরা সবাই হতাশ।’