|
খোঁজ নেই ইভ্যালির ৩৩৯ কোটি টাকার
নতুন সময় প্রতিবেদক
|
![]() খোঁজ নেই ইভ্যালির ৩৩৯ কোটি টাকার সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, ইভ্যালি চলতি সম্পদ দিয়ে শুধুমাত্র ১৬ দশমিক ১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে বা অর্থ ফেরত দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের বরাত দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৪ জুলাই এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে: বাণিজ্য মন্ত্রণালয়ের এক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ইভ্যালিডটকম নামক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রেরণ করে। প্রতিবেদন হতে দেখা যায়, ২০২১ সালের ১৫ মার্চ তারিখে ইভ্যালিডটকমের মোট সম্পদ ৯১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা এবং মোট দায় ৪০৭ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ টাকা। একই তারিখে ইভ্যালিডটকমের গ্রাহকের কাছে দায় ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টের কাছে দায় ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের চিঠি এক ও দুই: গ্রাহকের কাছ থেকে অগ্রিম হিসেবে গৃহীত ২১৩ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং মার্চেন্টের কাছ থেকে ১৮৯ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৫৪ টাকার মালামাল গ্রহণের পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩ কোটি ৮০ লাখ ১ হাজার ৯১৪ টাকার সম্পদ থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানটির কাছে চলতি সম্পদ রয়েছে মাত্র ৬৪ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩৬ টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো প্রতীয়মান: ইভ্যালিডটকম চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬ দশমিক ১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে এমন তথ্য উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয় বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা ওই কোম্পানির পক্ষে সম্ভব নয়। তদুপরি গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে গৃহীত ৩৩৮ কোটি ৬২ লাখ ১৮ হাজার ১৭৮ টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে গৃহীত ৩৩৮ কোটি ৬২ লাখ ১৮ হাজার ১৭৮ টাকা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে বলে প্রতীয়মান হয়। চিঠির শেষাংশে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের আলোকে ইভ্যালিডটকমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
