কিশোরী গৃহকর্মীকে নির্যাতন: ব্যাংক কর্মকর্তার স্ত্রী দুদিনের রিমান্ডে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:17 PM
কিশোরী গৃহকর্মীকে নির্যাতন: ব্যাংক কর্মকর্তার স্ত্রী দুদিনের রিমান্ডে
রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড গোলচত্বর এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ করা মামলায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর নির্যাতনের ঘটনায় ভাটারা থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গৃহকর্মী নির্যাতন করার অভিযোগে ব্যাংকার আসাদুর রহমান আরিফ ও তার স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে ভুক্তভোগী মামলা দায়ের করেন। এরপর ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নির্যাতনকারী গৃহকর্তা আসাদুরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ‘ভুক্তভোগী কিশোরী গত আট মাস ধরে ওই বাসায় কাজ করেন। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং দেয়ালের সঙ্গে মাথা ঠুকে নির্যাতন করা করতো। এমনকি ভুক্তভোগী অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু আসামি আসাদুর ও তার স্ত্রী মাহফুবা তাকে পালাতে দেয়নি।