দাউদের খোঁজে মার্কিন গোয়েন্দাদের জেরার মুখে পাকিস্তানি ব্যবসায়ী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 11:24 AM
দাউদের খোঁজে মার্কিন গোয়েন্দাদের জেরার মুখে পাকিস্তানি ব্যবসায়ী
ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি এবং জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের খোঁজ পেতে পাকিস্তানি এক স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনেস্ট্রেশন (ডিইএ) এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। মোহাম্মদ আসিফ হাফিজ নামে ওই স্বর্ণ ব্যবসায়ী লাহোরে জন্ম নিয়েছিলেন।
হাফিজের আইনজীবী যুক্তরাজ্যের উচ্চ আদালতের কাছে দায়েরকৃত কাগজপত্রে দাবি করেছেন ডিইএ এবং সিআইএ’র এজেন্টরা ২০১৪ থেকে ২০১৭ সালে দুবাইয়ে আসিফ হাফিজের সঙ্গে দেখা করেছেন। হাফিজকে তারা দাউদ ইব্রাহিম, ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলা, তরা বোরা, তালেবান, করাচির ব্যবসায়ী জাবির মতিওয়ালার বিষয়ে জানতে চেয়েছেন এবং দাউদের বর্তমান অবস্থান সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে নথিপত্রে উল্লেখিত তথ্যানুযায়ী পাকিস্তানের এই স্বর্ণ ব্যবসায়িকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তরা। তাদের জিজ্ঞাসাবাদে হাফিজ জানান, তিনি তালেবান ও আফগানিস্তান বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি দাউদ ইব্রাহিমকে চেনেন বলে নিশ্চিত করেছেন।
হাফিজ জানিয়েছেন, দুবাইয়ে দাউদের সঙ্গে তিনি স্বর্ণ ব্যবসা করেছেন, একসঙ্গে ক্রিকেট ম্যাচও দেখেছেন। কিন্তু নব্বইয়ের দশকের শেষের দিকে দাউদ দুবাই থেকে চলে গেলে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।
আদালতের কাগজপত্র অনুযায়ী, আসিফ হাফিজ মার্কিন এজেন্টদের বলেছেন, ‘আমি পুনরায় নিশ্চিত করছি দাউদ ইব্রাহিম দুবাইয়ে থাকাকালীন বলিউড পারফর্মেন্সের প্রথম সারিতে বসতেন এবং তিনি এই ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত ছিলেন। এমনকি কোনো পারফর্মেন্স শুরু করার আগে অভিনয়শিল্পীরা তার কাছে জানতে চাইতেন ‘ইজাযাত হ্যায়?’ অর্থাৎ ‘অনুমতি আছে?’
নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের নাগরিক হাফিজের কাছে দাউদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে মার্কিন এজেন্টদের এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। এ ছাড়া ডিইএর এজেন্টরা লাহোর বংশোদ্ভুত ব্যবসায়ী জাবির মতিওয়ালার বিষয়েও জানতে চান। তাদের অভিযোগ, মতিওয়ালা দুবাইয়ে দাউদ ইব্রাহিমের কার্যক্রমে সহায়তা করতেন। এ প্রসঙ্গে হাফিজ এজেন্টদের জানান, জাবির সিদ্দিক করাচি স্টক এক্সচেঞ্জের একজন স্টক ব্রোকার; তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।