ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 November, 2026, 1:29 PM

সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’

সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান। এমনকি চিকিৎসার ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের নাম ব্যবহার করা যাবে না। তাদের পরিচয় দিতে কোথাও ‘বিবি’, কোথাও ‘ছাগল’ বা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দের অর্থ ‘দাদি’ বা ‘বয়স্ক নারী’। আফগান অধিকারকর্মী লালা ওসমানি এ চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।

এল পাইসকে ওসমানি বলেন, ‘একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।’

এই নিষেধাজ্ঞার ফলে স্বাস্থ্যসেবায়ও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একাধিক নারীর ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত নথিতে একই পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্তে ভুল হতে পারে। এতে ভুল চিকিৎসা বা ভুল ওষুধ দেওয়ার ঝুঁকিও বাড়বে।

সন্তানের জন্মসনদসহ সরকারি নথিতে নারীদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারাভিযান শুরু করেছিলেন লালা ওসমানি। তার উদ্যোগের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়।

তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবরের আশঙ্কা, বালখ প্রদেশে জারি করা এই নির্দেশনা একসময় সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তাঁর ভাষ্য, তালেবান এর আগেও বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করে পরে তা দেশজুড়ে কার্যকর করেছে।

আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও নারীদের পরিচয়সংকটের বিষয়টি সামনে এনেছে। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটানো এই সাংবাদিক সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের জন্মসনদে তাকে মা হিসেবে শনাক্ত করার মতো কোনো তথ্য ছিল না।

ওসমানির ভাষায়, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ।’

এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং জরুরি সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status