ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম, কারণ কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 November, 2026, 10:32 AM

বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম, কারণ কী?

বিশ্ববাজারে আবারও বাড়ছে তেলের দাম, কারণ কী?

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং সৌদি আরবের তেল স্থাপনায় ধারাবাহিক আক্রমণের ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে কয়েক সপ্তাহের দরপতনের পর চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববাজারে লেনদেন হওয়া ব্রেন্ট ক্রুড অয়েলের জানুয়ারি মাসের ফিউচার দর প্রতি ব্যারেল প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে। চলতি সপ্তাহে এই তেলের দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। এর মধ্য দিয়ে চলতি মাসে প্রথমবারের মতো সাপ্তাহিক দরবৃদ্ধির রেকর্ড তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দামও শুক্রবার ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে, সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাতের আশঙ্কায় বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ বাড়ায় দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও ইরানকে কেন্দ্র করে সংঘাতের সময় তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে উঠেছিল, বর্তমান দাম এখনো সেই পর্যায়ের নিচে রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছিল। এর পেছনে অন্যতম কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা না বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। পাশাপাশি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটলেও অঞ্চলটি থেকে তেল সরবরাহ বেড়েছিল এবং বিশ্বব্যাপী জ্বালানির চাহিদাও কমে গিয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বৃহস্পতিবার কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। নিহত দুজনই প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার প্রযুক্তিবিদ ছিলেন। এ ঘটনায় কুয়েতের একজন নাগরিক ও পাকিস্তানের একজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলার দায় অস্বীকার করেছে ইরান।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা চলতি সপ্তাহে সৌদি আরবের দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। গত বুধবার দেশটির বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে গোষ্ঠীটি। পরদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান এলাকার একটি তেল শোধনাগারে প্রজেক্টাইল আঘাত হানে। এতে নেপালের এক কর্মী নিহত হন। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সেখানে অগ্নিকাণ্ড ঘটে এবং শোধনাগারটির কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরেও কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও সৌদি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে সিএনএন।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। সংবাদমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুসারে নভেম্বর মাসে এ পর্যন্ত প্রায় দুই ডজন হামলার ঘটনা ঘটেছে। এর আগের মাস অক্টোবরে হামলার সংখ্যা ছিল ৩০টি।

জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য বলছে, ২৫ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের পরিমাণ যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় ৫৫ শতাংশে নেমে এসেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তাঝুঁকির কারণে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাবের বিষয়টি স্পষ্ট হয়েছে।

অনলাইন ব্রোকারেজ প্রতিষ্ঠান এক্সটিবির গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা অস্থিতিশীল, তা আবারও সামনে এনেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তি চুক্তি না হওয়ায় সংঘাতের ঝুঁকি কাটেনি।

তিনি আরও বলেন, তেলের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে সাম্প্রতিক উত্থানের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, তেল উৎপাদন নিয়ে আলোচনায় আগামী রবিবার (২৯ নভেম্বর) বৈঠকে বসছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। টানা ৬ দফা উৎপাদন বাড়ানোর পর গত সেপ্টেম্বর থেকে উৎপাদন স্থিতিশীল রেখেছে জোটটি। বিশ্লেষকদের ধারণা, জানুয়ারি পর্যন্ত বর্তমান উৎপাদন কোটা অপরিবর্তিত রাখার বিষয়টি বিবেচনা করতে পারে সংগঠনটি। তবে কয়েকটি সদস্যদেশ উৎপাদন কোটা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাহীনতা এবং তেল সরবরাহে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status