|
ইরানের সঙ্গে ব্যবসা গোপন করে মার্কিন তথ্য চুরির অভিযোগে দোষী হুয়াওয়ে
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের সঙ্গে ব্যবসা গোপন করে মার্কিন তথ্য চুরির অভিযোগে দোষী হুয়াওয়ে ২০১৮ সালে শুরু হওয়া এ মামলায় ব্যাংক জালিয়াতি, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে জালিয়াতি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগ ছিল। তবে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগ থেকে হুয়াওয়েকে অব্যাহতি দিয়েছেন জুরিরা। দুই মাসের বেশি সময় ধরে চলা বিচারপ্রক্রিয়ায় সরকারি কৌঁসুলিরা ৬০ জনের বেশি সাক্ষী হাজির করেন। হুয়াওয়ের পক্ষে সাক্ষ্য দেন ১৫ জন। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৭ সালে প্রতিষ্ঠানটির সাজা ঘোষণা করবেন বিচারক অ্যান ডনেলি। তবে কী ধরনের শাস্তি হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। ২০১৮ সালে মামলা শুরুর পরের বছরই জাতীয় নিরাপত্তার ঝুঁকির অভিযোগে হুয়াওয়েকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ২০১২ ও ২০১৩ সালে রয়টার্সের দুটি অনুসন্ধানী প্রতিবেদনে হুয়াওয়ের ইরানে ব্যবসার বিষয়টি সামনে আসে। বিচার চলাকালে প্রতিবেদন দুটি নিয়েও আলোচনা হয়। সরকারি কৌঁসুলি মেরেডিথ আরফা বলেন, 'গণমাধ্যম হুয়াওয়ের ইরানে কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার পর প্রতিষ্ঠানটির ব্যাংকগুলোও প্রশ্ন তুলতে শুরু করে।' হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলিগ বলেন, দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটি হতাশ। তবে একটি অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় তাদের 'সৎ উদ্দেশ্যে আইন মেনে চলার সংস্কৃতি' প্রমাণিত হয়েছে। তিনি বলেন, 'আমরা অবশ্যই আপিল করব।' যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জোসেফ নোসেলা বলেন, হুয়াওয়ের কয়েক দশকের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিপন্ন করেছে, দেশটির বাণিজ্যিক ব্যবস্থার পবিত্রতা লঙ্ঘন করেছে এবং আইন প্রয়োগে বাধা দিয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞদের মতে, মামলা সত্ত্বেও হুয়াওয়ের ব্যবসায় বড় প্রভাব পড়েনি। বরং ব্যবসায় বৈচিত্র্য এনে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতার মেয়েকে আটক ঘিরে কূটনৈতিক সংকট ২০১৮ সালের ডিসেম্বরে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কানাডায় আটক করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক সংকট তৈরি হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইরানে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে এইচএসবিসির এক কর্মকর্তাকে বিভ্রান্ত করেছিলেন মেং। এর মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানে ডলার লেনদেন করেছিল প্রতিষ্ঠানটি। প্রায় তিন বছর প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পর মেং একটি স্থগিত বিচারপ্রক্রিয়া চুক্তিতে সম্মত হন। পরে তিনি চীনে ফিরে যান এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়। ২০১৮ সালের অভিযোগপত্রে বলা হয়, ইরানের সঙ্গে ব্যবসার বিষয়ে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিএনপি পারিবাসকে বিভ্রান্ত করেছিল হুয়াওয়ে। ২০২০ সালে যুক্ত হওয়া নতুন অভিযোগে বলা হয়, দুই দশক ধরে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে জড়িত ছিল প্রতিষ্ঠানটি। মার্কিন প্রযুক্তি চুরির অভিযোগ বিচার চলাকালে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, হুয়াওয়ে সিসকো সিস্টেমসের রাউটারের সোর্স কোড, কুইন্টেলের অ্যান্টেনা প্রযুক্তি এবং সিএনএক্সের তৈরি সার্কিট বোর্ডের তথ্য চুরি করেছে। জুরিদের সামনে এমন একটি ভিডিও দেখানো হয়, যেখানে হুয়াওয়ের এক কর্মীকে টি-মোবাইলের পরীক্ষামূলক রোবটের একটি অংশ ব্যাকপ্যাকে ঢোকাতে দেখা যায় বলে কৌঁসুলিরা দাবি করেন। এছাড়া, একটি বাণিজ্য মেলায় ফুজিৎসুর স্টলে ঢুকে এক হুয়াওয়ে প্রকৌশলীর যন্ত্রের ছবি তোলার ঘটনাও তুলে ধরেন তারা। মেংয়ের স্থগিত বিচারপ্রক্রিয়া চুক্তির সঙ্গে যুক্ত একটি বিবৃতিতে হুয়াওয়ের ইরানে বেআইনি ব্যবসার বিষয়টি স্বীকার করা হয়েছিল। তবে হুয়াওয়ের আইনজীবীদের দাবি, ইরানে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্পর্কে ব্যাংকগুলো জানত এবং তারাও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে প্রতিযোগিতা করছিল। হেবারলিগের দাবি, দুই দশকের ষড়যন্ত্রের অভিযোগ প্রতিষ্ঠা করতে সরকারি কৌঁসুলিরা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বেছে নিয়েছেন। তিনি বলেন, 'কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের মাধ্যমেই হুয়াওয়ে সফল হয়েছে।' হুয়াওয়ের কর্মীসংখ্যা দুই লাখের বেশি। বিশ্বের প্রায় ১৭০টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
