ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত দুর্ধর্ষ গুপ্তহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 9:19 PM

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত দুর্ধর্ষ গুপ্তহত্যা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত দুর্ধর্ষ গুপ্তহত্যা

পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলের মোসাদকে। বলা হয়ে থাকে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর চেয়েও বহুগুণে দক্ষ ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা।

হিব্রু ‘মোসাদ’ শব্দের অর্থ ‘সংস্থা’। এর পুরো নাম ‘দ্য ইনস্টিটিউট ফর ইনটেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস’। মোসাদের রয়েছে গুপ্তহত্যার এক বিশাল ইতিহাস। সংস্থাটি শুধু বিদেশের মাটিতে ইসরায়েলের পক্ষ হয়ে যে গোপনে তথ্য সংগ্রহ করে তা-ই নয়, বরং প্রতিপক্ষকে প্রয়োজনে দুনিয়া থেকেও সরিয়ে দিতে দ্বিধা করে না।

প্রতিষ্ঠার পর থেকেই মোসাদের কার্যক্রম রহস্যে ঘেরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি মোসাদ পরিচালনা করেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের ঠিকানাও সাধারণ মানুষকে জানানো হয় না। তাদের সদস্য সংখ্যা ও তাদের পরিচয়ও প্রকাশ করা হয় না। শুধু মোসাদ পরিচালকের পরিচয় প্রকাশ করা হয়।

ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড নিয়ে লেখক রোনেন বার্গম্যান বলেন, মোসাদ গোয়েন্দা তথ্য সংগ্রহের চেয়ে গুপ্তহত্যার কাজই করে বেশি। অতি দক্ষ গোয়েন্দাদের সমন্বয়ে গড়া এই সংস্থার ক্ষীপ্রতা ও দুঃসাহিকতা সবার কাছেই এক বিস্ময়। মোসাদের ভয়ঙ্কর কিছু অপারেশন কল্প কাহিনীকেও হার মানায়।

১৯৪৯ সালে মোসাদের জন্ম হলেও দীর্ঘদিন পর্যন্ত কেউই জানত না এই সংস্থার প্রধান কে, কিংবা কারা এটা পরিচালনা করে। ১৯৯৬ সালে ড্যানি ইয়াতম মোসাদের দায়িত্ব নেয়ার পর সংস্থাটির কার্যক্রম সম্পর্কে জানা যায়। অপহরণ ও গুপ্তহত্যায় মোসাদ বিশ্বে অদ্বিতীয়। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ান এই সংস্থার প্রতিষ্ঠাতা। মোসাদের বেশিরভাগ লোকই সাবেক ইহুদি সন্ত্রাসী সংগঠন হাগানাহ, ইরগুন ও স্টার্নগেগের লোক।

মোসাদের সঙ্গে ঐতিহাসিকভাবেই বেশ কিছু আরব গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে। বিশেষ করে জর্দান এবং মরক্কোর গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কাজের অংশীদারত্ব রয়েছে। বর্তমানে আরব উপসাগরীয় দেশগুলো ও মিসরের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে মোসাদ। মধ্যপ্রাচ্যে মোসাদের কাজ পরিচালনার জন্য জর্দানের রাজধানী আম্মানে দীর্ঘদিন ধরে সংস্থাটি একটি কার্যালয় পরিচালনা করছে।

১৯৯৭ সালে যখন হামাস নেতা খালিদ মিশালকে মোসাদ হত্যার প্রচেষ্টা চালায়, এরপর কিছুদিনের জন্য তৎকালীন জর্দান বাদশাহ হোসেন মোসাদের আম্মান শাখা বন্ধ করে দেন। মোসাদের সঙ্গে জর্দানের গোয়েন্দা সংস্থার সংযোগও বিচ্ছিন্ন করেছিলেন তিনি। তবে বাদশাহ হোসেনের মৃত্যুর কিছুদিন পর তা আবার চালু হয়।

মরক্কোর সঙ্গে মোসাদের সম্পর্ক শুরু হয় ১৯৬০ সাল থেকে। সর্ম্পকের জেরেই মরক্কো এরইমধ্যে ইসরায়েল থেকে বিপুল সামরিক ও প্রযুক্তিগত সহায়তাও পেয়েছে। মরক্কোর সাবেক বাদশাহ হাসান মরক্কোতে থাকা ইহুদিদের ইসরায়েলে অভিবাসনেরও সুযোগ করে দিয়েছিলেন। একইসঙ্গে রাজধানী রাবাতে মোসাদের কার্যালয় চালুরও অনুমতি দিয়েছিলেন তিনি। এর অংশ হিসেবে রাবাতে ১৯৬৫ সালে আরব লীগের যে সম্মেলন হয়, তার সম্মেলন কক্ষে ও ব্যক্তিগত রুমগুলোতে মোসাদ আড়ি পাতার এবং গুপ্তচর নিয়োগ করারও সুযোগ পেয়েছিলো।

মোসাদ যে শুধু ফিলিস্তিনের যোদ্ধা ও রাজনীতিবিদদেরই হত্যা করে তা নয়, প্রয়োজনে তারা সিরীয়, লেবানিজ, ইরানি এমনকি ইউরোপীয় নাগরিককেও হত্যা করতে দ্বিধা করে না। ১৯৭০ সাল থেকেই মোসাদ এ জাতীয় গুপ্তহত্যা চালু শুরু করেছে।

আসুন আমরা জেনে নেই মোসাদের গুপ্ত হত্যার কিছু তথ্য:

১৯৭২ সালের ৮ জুন ফিলিস্তিনের তৎকালীন সময়ের প্রধান লেখক ও মুক্তিকামী আন্দোলনের অন্যতম মুখপাত্র ঘাসসান কানাফানিকে হত্যা করে মোসাদ। তিনি থাকতেন লেবাননের রাজধানী বৈরুতে। মোসাদের আততায়ীরা আগে থেকেই তার গাড়িতে বোমা পেতে রেখেছিল। পরে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়।

ফিলিস্তিন লিবারেশন অর্গানেইজেশন বা পিএলও’র ফ্রান্স শাখার প্রধান মাহমুদ হামসারিকে প্যারিসে এক গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় ১৯৭২ সালের ৮ ডিসেম্বর। ইসরায়েলে মূলত মোসাদের জনপ্রিয়তা বাড়ে ১৯৭২ সালের অলিম্পিক হত্যাকাণ্ডে প্রতিশোধ নেয়ার ঘটনায়। মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের ওপর গুলি চালানো ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করে মোসাদ গোয়েন্দারা।

১৯৭৩ সালের ১০ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিন লিবারেশন অরগানাইজেশনের তিন শীর্ষ নেতা কামাল আদওয়ান, কামাল নাসের এবং মুহাম্মাদ ইউসেফ আল নাজ্জারকে হত্যা করে ছদ্মবেশী মোসাদ গোয়েন্দারা। পরবর্তী ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাক নারী সেজে ওই মিশনে অংশ নেন। একই বছরের ১০ জানুয়ারি মোসাদের এক গাড়ি বোমা হামলায় ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সাইপ্রাস শাখা প্রধান হোসেইন আল বাশির নিহত হন। সাইপ্রাসের নিকোশিয়ায় তাকে হত্যা করা হয়।

১৯৭৩ সালের জুলাই মাসে নরওয়েতে ফিলিস্তিনি নেতা আলি হাসান সালামেহ মনে করে একজন সাধারণ মানুষকে হত্যা করে মোসাদ। এতে ক্ষুদ্ধ হয়ে নরওয়ে সংস্থাটির ছয়জন গোয়েন্দাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুজন নারী গোয়েন্দাও ছিল। শেষ পর্যন্ত মোসাদ সফলভাবেই বৈরুতেই ১৯৭৯ সালের ২২ জানুয়ারি আলি হাসান সালামেহকে হত্যা করতে পারে।

ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল-ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথাও স্বীকার করেছিল ইহুদিবাদী ইসরায়েল। ১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসিয়ার রাজধানী তিউনিসে তাকে হত্যা করা হয়। ইসরাইলের টিভি চ্যানেল থার্টিন জানায়, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের উপ-প্রধান আবু জিহাদকে হত্যায় ইসরায়েলি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা মোসাদের তিন হাজার ব্যক্তি সম্পৃক্ত ছিল। তাকে হত্যায় তিন হাজার লোকের পাশাপাশি ব্যবহৃত হয়েছে পাঁচটি ফাইটিং বোট ও হেলিকপ্টার। আবু জিহাদ ছিলেন ফাতাহ আন্দোলনের প্রধান ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ বন্ধু।

মোসাদের ধারাবাহিক গুপ্তহত্যা কার্যক্রম সংস্থাটির অঘোষিত নীতিতে পরিণত হয়েছে। ১৯৯২ সালের ৮ জুন মোসাদ প্যারিসে অবস্থানরত প্যালেস্টাইন লিবারেশান অর্গানাইজেশান বা পিএলও’র নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা আতেফ বাসিসুকে হত্যা করে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই সন্ত্রাসী হত্যাকাণ্ড চালালেও বিশ্বজনমতের নিন্দার ভয়ে এর দায়দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু ১৯৯৯ সালের মার্চ মাসে ফ্রান্সের পুলিশ বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানায় যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদই আতেফ বাসিসুকে হত্যা করে।

মোসাদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে ১৯৯৭ সালে। জর্দানে হামাস নেতা খালেদ মিশালকে হত্যার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে দুই মোসাদ গোয়েন্দা। তারা কানাডার পাসপোর্ট ব্যবহার করছিল। বিষয়টি সামাল দিতে বেশ কয়েকজন হামাস নেতাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন ইসরায়েল সরকার। পদত্যাগ করেন মোসাদের পরিচালক। মোসাদ যেসব হত্যাকাণ্ড প্রচেষ্টা চালিয়েছিল তার বেশিরভাগই সফল হয়েছে।

তবে ১৯৯৭ সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে একবার হত্যার উদ্যোগ নিয়েছিল মোসাদ। যদিও সে উদ্যোগ ব্যর্থ হয়। ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকিকিকে হত্যা করে মোসাদ। জানা যায়, শাকিকি একটি গোপন সফরে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাকে মাল্টার একটি স্থানে হত্যা করা হয়।

ইজ আল দিন শেখ খলিল ছিলেন গাজায় জন্ম নেয়া একজন স্বাধীনতাকামী নেতা। তিনি ফিলিস্তিনের মুক্তি আন্দোলন হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা ছিলেন। ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে আল-জাহরা এলাকায় অটোমোবাইল বুবি ট্র্যাপের মাধ্যমে তাকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। কিন্তু মামলার গতি প্রকৃতিতে মনে হয় এটা মোসাদেরই কাজ। তাছাড়া এ হত্যাকাণ্ডের দিন কয়েক আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ খলিলকে হত্যার প্রতিজ্ঞা করে।

মাহমুদ আল মাবোও ছিলেন ফিলিস্তিনের আল কাসিম ব্রিগেডের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। ২০১০ সালের ১৯ জানুয়ারি দুবাইয়ের একটি হোটেলে আততায়ীরা তাকে হত্যা করে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই মাহমুদকে হত্যা করতে চেয়েছিল। জানা যায়, ইসরায়েল সরকারের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এ হত্যাকাণ্ড হয়। মোসাদের যে হত্যাকারীরা এ মিশনে অংশ নিয়েছিল, তাদের অনেকেই ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়া থেকে জাল পাসপোর্ট বানিয়ে দুবাই গিয়েছিল বলে পরবর্তীতে তথ্য পাওয়া যায়।

২০১২ সালের ১১ জানুয়ারি ইরানের পরমাণুবিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশান নিজের গাড়িতে বোমা বিষ্ফোরণে নিহত হন। তিনি ইরানের বহুল আলোচিত নাতাঞ্জ ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। দুই বছর আগেও ঠিক একইদিনে অর্থাৎ ২০১০ সালের ১১ জানুয়ারি ইরানে আরেকটি বোমা হামলায় হত্যা করা হয় দেশটির পরমাণুবিজ্ঞনী মাসুদ আলি মোহাম্মাদিকে। তার গাড়ির কাছেই একটি মোটরসাইকেলে বাধা বোমা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরিত হলে তিনি প্রাণ হারান। ইরান এ ঘটনার জন্য মোসাদকেই দায়ী করেছে।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ফিলিস্তিন দুতাবাসে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ এর নেতা ওমর নায়েফ জায়েদেকে আততায়ীরা হত্যা করে। তিনি ছিলেন ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের একজন প্রভাবশালী নেতা।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ছোট্ট শহর ফাক্সে নিজের বাসার সামনে গুলি করে হত্যা করা হয় মোহাম্মদ আল-জাওয়ারিকে। ফাক্সের সবাই তাকে চিনতেন এভিয়েশন এক্সপার্ট মুরাদ নামে; এমনকি তার স্ত্রীও জানতেন না যে তার নাম মুরাদ। হামাস তার মৃত্যুতে শোক প্রকাশ করে জানায়- জাওয়ারি ছিলেন হামাসের মিলিটারি উইং কাসসাম ব্রিগেডের ড্রোন প্রোগ্রামের প্রধান। তিনি হামাসের হয়ে আবাবিল-১ ড্রোন তৈরি করেন, যেটি ২০১৪ সালের গ্রীষ্মে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে হামাস।

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালুমপুরের জনবহুল রাস্তায় ৩৫ বছরের ফিলিস্তিনি প্রকৌশলী ফাতিহ আল বাতসকে হত্যা করা হয়। ফাতিহ তার জন্মভূমি গাজাতেই ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং একই বিষয়ের উপর পিএইচডি করার জন্য তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তিনি পাওয়ার সিস্টেম এবং বিদ্যুতের অপচয় রোধ করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলও লিখেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস প্রকৌশলী ফাতিহকে নিজেদের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য মোসাদকে দায়ী করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status