কক্ষপথ থেকে পৃথিবীতে পুনঃপ্রবেশ করতে যাওয়া চীনা রকেটের অনিয়ন্ত্রিত অবশিষ্টাংশের গতিপথের দিকে নজর রাখছে মার্কিন মহাকাশ কমান্ড। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
অনুমান করা হচ্ছে, রকেটটির ওই অবশিষ্টাংশ কয়েক দিনের মধ্যেই বায়ুম-ল অতিক্রম করে সমুদ্রে বা অন্য কোথাও আছড়ে পড়বে। ২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয়। তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছে। মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করবে চীন। এর প্রথমটিতেই ‘লং মার্চ ৫বি’ রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে মার্কিন মহাকাশ বাহিনী বলেছে, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুম-ল হয়ে রকেটটি ঠিক কোন পয়েন্ট দিয়ে ঢুকবে তা ‘পুনঃপ্রবেশের কয়েক ঘণ্টার আগে ছাড়া বলা যাবে না’। তাদের ধারণা, শনিবার কোনো একটি সময় এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে।