ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঝড়ে ভেঙে পড়ল প্রজাপতি সড়কবাতির ৮৬ খুঁটি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 April, 2021, 11:14 PM

ঝড়ে ভেঙে পড়ল প্রজাপতি সড়কবাতির ৮৬ খুঁটি

ঝড়ে ভেঙে পড়ল প্রজাপতি সড়কবাতির ৮৬ খুঁটি

ঝড়ে রাজশাহীতে সড়ক ডিভাইডারে থাকা সড়কবাতির অন্তত ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি খুঁটি মাটি স্পর্শ করেছে। আর ৪৬টি খুঁটি হেলে পড়েছে। রোববার বিকালে বাতাসের ৬৫ কিলোমিটার গতিবেগের ঝড়ে মহানগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটেছে।

মাত্র তিন মাস আগেই বাতিগুলো বসানো হয়েছিল। খুঁটিগুলোর উপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুইপাশে দুটি করে এলইডি বাতি লাগানো হয়। এ কারণে সড়কটি রাজশাহীর ‘প্রজাপতি সড়ক’ নামে পরিচিতি পেয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিদ্যুৎ বিভাগ ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করে। এতে ব্যয় পাঁচ কোটি ২২ লাখ টাকা। সড়কবাতির খুঁটি ও বাতি চীন থেকে আনা হয়।

গত ২৭ জানুয়ারি সড়ক বাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের তিন মাস পরই প্রথম ঝড়ে সড়কবাতিগুলো এভাবে পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি এবং গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল।

স্থানীয়রা জানান, রোববার বিকাল ৪টার দিকে শব্দ করে খুঁটিগুলো সড়কের আইল্যান্ডের ওপর পড়তে থাকে। সড়কের আইল্যান্ডে না পড়ে সড়কে পড়লে অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটত।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এসএম রেজোয়ানুল হক জানিয়েছেন, রোববার বিকাল ৩টা ৫৫ মিনিটে ধূলিঝড় শুরু হয়। মহানগরীর বিনোদপুর এলাকায় যেখানে আবহাওয়া অফিস, সেখানে ধূলিঝড় স্থায়ী ছিল ৪টা ২৫ মিনিট পর্যন্ত। তবে মহানগরীর অন্যান্য এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দমকা হাওয়া বইছিল। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

এ ঝড়েই সড়কবাতির খুঁটি পড়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু বলেন, ঝড়ের কারণে খুঁটিগুলো হেলে পড়েছে। কিছু পড়ে গেছে। আমাদের ওয়ারেন্টির সময় আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্ব আবার সব ঠিক করে দেবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, খবর পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। প্রয়োজনে পাঁচ বছর দেব। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো রাতের মধ্যেই ঠিক করে দেয়া হবে। এজন্য ক্রেন খুঁজছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status