সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন। সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় আন্দরকিল্লাহস্থ নগর ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৭ ভোট পেয়ে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন প্যানেল মেয়র-২ এবং ২৬ ভোট পেয়ে সংরক্ষিত ২৭, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের আফরোজা জহুর প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এবার প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী ছিল ১১ জন। সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা হলেন- ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নম্বর উত্তর কাট্টলীর কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশীদ ও ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।
জানা গেছে, গত ১৮ মার্চ প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল। ওইদিন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ায় তা স্থগিত করা হয়। একইদিন নতুন তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মাদ মোজাম্মেল হক।
প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে নিজেদের মধ্য থেকে তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করবেন। এর মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হতে হবে। গত ২৩ ফেব্রুয়ারি চসিকের বর্তমান পর্ষদের (ষষ্ঠ) প্রথম সাধারণ সভা হয়েছিল।