চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় ফসলী জমির সেচ প্রকল্পের নালা থেকে এক ব্যাক্তির (৪৫) বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহে তেমন কোন আঘাতের চিহ্ন না থাকলেও চোখ-মুখ মাফলার দিয়ে বাধা ছিল। এছাড়া দুই হাত দড়ি দিয়ে বাধা ,গলায় দড়ি লাগানো ও দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চিহ্ন ছিল।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সেচ নালা পরিচালনাকারী এক ব্যাক্তি নালায় সেচের পানি প্রবাহ বাধাগ্রস্থ হবার কারণ খুঁজতে গিয়ে বস্তাাটির সন্ধান পেয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। ইউপি চেয়ারম্যান ঘটনাটি সদর থানায় জানালে পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, সিআইডি রাজশাহীর ক্রাইমসিন টিমসহ পুলিশের বিভিন্ন ইউনিট গভীর রাতেই ঘটনাস্থলে পোঁছেন।
রোববার(২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে মরদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্য (ওসি) মোজাফফর হোসেন ও মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক(এসআই) জালাল উদ্দিন বলেন, তারা নিশ্চিত হয়েছেন যে, ওই ব্যাক্তিকে ১০/১২ দিন পূর্বে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ওই ব্যাক্তির পরিচয় এবং কে বা কারা কেন তাকে হত্যা করেছে, সে সম্পর্কে তারা বা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রোববার বিকেল পর্যন্ত কিছু জানাতে পারেন নি।
ওসি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে ও এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।