ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া বগি দুটি ফেলেই খুলনার পথে রওনা দিয়েছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। এদিকে, এ দুর্ঘটনার কারণে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো কয়েকটি স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোটচাঁদপুর রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা।
তিনি জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসতে রাত ১০টা বাজবে। এর আগে, লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা সম্ভব না। বগি দুটি উদ্ধার করার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স্টেশন মাস্টার জানান, সুন্দরবন এক্সপ্রেসের কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে আছে। এসব ট্রেনের কয়েক হাজার যাত্রী বিপাকে পড়েছেন।
কোটচাঁদপুরের পার্শ্ববর্তী মোবারকগঞ্জ স্টেশনের হেডমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মিস্ত্রিরা ঘটনাস্থলে চলে গেছে। তবে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন না পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে না। ট্রেন চলাচল কখন শুরু হবে তা বলা যাচ্ছে না।
সুন্দরববন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টার দিকে ছেড়ে যায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্টেশনে প্রবেশের মুহূর্তে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। সিগনাল পয়েন্ট সঠিকভাবে পরিবর্তন না করার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে রেলের কর্মচারীরা জানিয়েছেন।