|
পরিবেশ রক্ষার প্রত্যয়ে ফুলবাড়ীতে বৃক্ষ ও শিশু বিনোদন মেলা
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
|
|
পরিবেশ রক্ষার প্রত্যয়ে ফুলবাড়ীতে বৃক্ষ ও শিশু বিনোদন মেলা সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সরকারের “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এ মেলার আয়োজন করা হয়। ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, খোরশেদ আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাস, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্রসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,“পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের খাদ্য, অক্সিজেন এবং অর্থনৈতিক নিরাপত্তারও গুরুত্বপূর্ণ উৎস।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “শিশুদের নির্মল বিনোদনের পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ১৫ দিনব্যাপী এ মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইড, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষামূলক কার্যক্রম এবং পরিবেশ সচেতনতামূলক প্রচারণা পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ও অন্যান্য ফলজ গাছের প্রায় পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। মেলায় শিশুদের জন্য নানা ধরনের বিনোদনমূলক আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক প্রদর্শনী এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম রাখা হয়েছে। ফলে মেলাটি শিশু-কিশোরদের জন্য যেমন আনন্দের উৎস হয়ে উঠেছে, তেমনি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
