পবিত্র উদ্দেশ্য ছাড়া আমার অন্য কোনো ধান্দা নেই: তাজুল ইসলাম
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 4:19 PM
পবিত্র উদ্দেশ্য ছাড়া আমার অন্য কোনো ধান্দা নেই: তাজুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমার কিছু টাকা পয়সা রয়েছে, তাই পবিত্র উদ্দেশ্য ছাড়া আমার অন্য কোনো ধান্দা নেই। আমি জানি কানাডায় টাকা থাকলে, সেই টাকা আমার কোনো কাজে লাগবে না। আমি কানাডায় যাইতেও পারবো না, সেখানে গিয়ে থাকতেও পারবো না, খাইতেও পারবো না।
আজ(১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও খাল আধুনিকায়ন’ শীর্ষক নগর সংলাপে তিনি এ সব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, আমি বোকা মানুষ না, আমি জানি কোনটা আমার জন্য ভালো। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি আমার সম্পূর্ণ জীবন এ পবিত্র মাটিতেই কাটাতে চাই।
তিনি বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের খাল অনেকগুলো দখল হয়ে গেছে। খালগুলো অবৈধ দখলদাররা দখল করেছে এবং সরকারও দখল করেছে। সরকার আইন করে খাল দখল করেছে। তাই সেগুলো উদ্ধার করা সম্ভব না। কিন্তু যেগুলো উদ্ধার করা সম্ভব, আমরা সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এটা সম্ভব।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, ৯৯ ভাগ স্থাপনা আইন অমান্য করে তৈরি করা হয়েছে। আমাদের সিস্টেম এভাবে তৈরি করা হয়েছে যেখানে জবাবদিহিতা কম। বেশিরভাগ লোক ১০ ভাগ কাজের প্রতি মনোযোগী, আর বাকি ৯০ ভাগ কাজ করে বসকে খুশি করতে। বসের তোষামোদি যতো বেশি করতে পারবে, তার ততো বেশি প্রমোশন হবে। একটা ড্রাফ্ট করলে সেটি বোঝার জন্য পাঁচ বার পড়তে হয়। কারণ কাজের প্রতি মনোযোগ নেই, মন অন্য জায়গায় পড়ে রয়েছে।