মহামারি করোনাভাইরাসের কারণে এ বছরে মাঠে গড়ায়নি এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার আসর এএফসি কাপ। এবার আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) । ২০২১ আসরে বাংলাদেশ থেকে চারটি ক্লাব লাইসেন্স পেয়েছে তার মধ্যে নেই দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।
মোহামেডান অবশ্য এএফসি বরাবর ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন জমা দিয়েছিল বলে জানিয়েছেন ক্লাবের অন্যতম এক কর্মকর্তা। কিন্তু তিনি বুঝতে পারছেন না কেন মোহামেডান তা পায়নি, ‘আমরা আবেদন জমা দিয়েছিলাম। কিন্তু কোন মানদণ্ডে আমরা লাইসেন্স পেলাম না, সেটা বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে আমরা আবার বসব।
২০২১ এএফসি কাপের লাইসেন্সিংয়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের মধ্যে ৬টি ক্লাব আবেদন করেছিল। তাদের মধ্যে কেবল চারটা বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের কপাল খুলেছে। বসুন্ধরা কিংস আর আবাহনী অবশ্য গত এএফসি কাপে লাইসেন্সকৃত ক্লাব হিসেবেই অংশ নিয়েছিল।
এএফসি কাপে খেলার সুযোগ পাওয়ার জন্য এই লাইসেন্সিং অনেক গুরুত্বপূর্ণ। শুধু ফেডারেশন কাপ বা ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন হলেই যে এই কাপে খেলার সুযোগ পাওয়া যাবে, ব্যাপারটা তেমন নয়। অংশগ্রহণ করার জন্য সেই ক্লাবের লাইসেন্সও থাকা লাগবে। খেলার মাঠে ক্লাবের পারফরম্যান্স, প্রশাসনিক অবস্থা, উন্নত অবকাঠামো, অর্থনৈতিক ও আইনি স্বচ্ছতা, সবকিছু বিবেচনা করেই এই লাইসেন্সটা দিয়ে থাকে এএফসি।
লাইসেন্স পাওয়া চার ক্লাবের লক্ষ্য এখন লিগ শিরোপা জেতা বা ফেডারেশন কাপ জয় করা।